কিশোরগঞ্জে সাবেক ওসিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

2

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালে বিএনপির একটি কর্মসূচিতে গুলি ও হামলার ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

গত ২৪ মে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক আদালতে মামলার আবেদন করেন। পরে সোমবার (১ জুন) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদনটি গ্রহণ করে পাকুন্দিয়া থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলায় তৎকালীন ওসি সারোয়ার জাহান, ১৪ জন পুলিশ সদস্য (এসআই) এবং আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৯০ থেকে ১১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পৌর এলাকার সৈয়দগাঁও চৌরাস্তায় সমাবেশস্থলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তৎকালীন ওসি সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ গুলি চালায়, এতে একাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের একাধিক নেতার শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ ও মারাত্মক জখমের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী দাবি করেন, ওই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মী আহত হন এবং অনেককে পরে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশনার বিষয়টি তিনি শুনেছেন, তবে লিখিত আদেশ এখনো হাতে পাননি। আদেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ওসি সারোয়ার জাহানের বক্তব্য পাওয়া যায়নি; একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here