
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে গর্তের পানিতে ডুবে অর্ণব মিয়া (৪) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান। অর্ণব মিয়া একই গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের পিঠা তৈরির জন্য অর্ণবের মা ও দাদির সঙ্গে তার নানা বাড়িতে যান। মা ও দাদিরা পিঠা তৈরির কাজে ব্যস্ত থাকার ফাঁকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিল অর্ণব। একপর্যায়ে বাড়ির সংলগ্ন গর্তের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ অর্ণবকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে, গর্তের পানিতে নেমে অর্ণবকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

