
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর চার মাস বয়সী শিশু আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি থেকে মঙ্গলবার (৩ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পানির ভেতরে দীর্ঘ সময় থাকার কারণে মরদেহটি পচাগলা অবস্থায় ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকায়। শিশু আশরাফুলের বাবা শাহীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরে পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের পর এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরা তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের একজনের হাতে একটি শিশু ছিল। এ তথ্যের পর এলাকায় শিশু চুরির আশঙ্কা ছড়িয়ে পড়ে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নতুন করে তদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে শিশুটির দাদী অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

