
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হালিম (৩০), ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকাপ্রসাদ গ্রামের আলকাস মিয়ার ছেলে, এবং মো. নাইম (৩০), একই উপজেলার কুমিরমারা গ্রামের কাশেমের ছেলে।
পাকুন্দিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ড্রেনের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারটি পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তারা জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

