
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪৯) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে থানায় ফেরার পথে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম গনমাধ্যমকে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

